শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ শহরের আল-করিম মসজিদ ও সংলগ্ন মাওলানা কাজী এম এ হাসান আলী সাহেবের কাজী অফিসে গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। একই রাতে পাশাপাশি দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর প্রথমে কাজী অফিস ও পরে আল-করিম মসজিদে প্রবেশ করে চুরি সংঘটিত করে। চোরেরা ভারী (হেভিওয়েট) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
কাজী অফিসের স্বত্বাধিকারী মাওলানা কাজী এম এ হাসান আলী জানান, চোরের দল অফিসের প্রধান তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে যায়। এ সময় অফিসে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ ও এলোমেলো করে রেখে যায়। কিছু প্রয়োজনীয় নথিপত্রও নিখোঁজ রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অপরদিকে, আল-করিম মসজিদেও চোরেরা খেজি গেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে মসজিদের দানবাক্স ভেঙে সেখানে থাকা আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে যায়। সকালে মুসল্লিরা মসজিদে এসে তালা ভাঙা ও দানবাক্স ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অফিসে একই রাতে চুরির ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের শনাক্তকরণ এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।