মো: জিয়াউল ফকির-ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জেলাকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে নাগরিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এই লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি মসজিদে বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এতে জানানো হয়, পিরোজপুরের ১২ লাখ জনগণের তুলনায় পুলিশের সদস্যসংখ্যা মাত্র ১,০০০। এই সীমিত জনবলের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সকল নাগরিকের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার জনগণকে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি প্রতিটি নাগরিককে পুলিশ বিভাগের একটি অংশ হিসেবে কাজ করার অনুরোধ জানান।
এ সময় জনগণকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য পুলিশকে সরবরাহ করার আহ্বান জানানো হয়। পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য পুলিশ সুপারের মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় জরুরী নম্বর প্রদান করা হয়েছে।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “পিরোজপুর জেলাকে একটি মাদক ও অপরাধমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতা ছাড়া এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা সবার অংশগ্রহণ আশা করছি।”
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন পেশার মানুষ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাদের মতে, পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পিরোজপুর একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে উঠবে।
পুলিশ সুপারের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।