মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং বর্বরোচিত ‘রামিসা’ হত্যার প্রতিবাদে বিক্ষোভের আগুনে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী সরকারি কলেজের সামনে ‘জাতীয় যুবশক্তি’ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা “ধর্ষকের ফাঁসি চাই” এবং “আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব চাই” স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে, তারা সমাজের শত্রু। বর্তমান সময়ে নারী ও শিশুদের নিরাপত্তা চরম সংকটে। বক্তারা অবিলম্বে রামিসা হত্যার সাথে জড়িত অপরাধীকে দ্রুত ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর শাখার আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুক–এর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে কয়েকশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যানারে “নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন” স্লোগানটি স্পষ্ট হয়ে ওঠে, যা সাধারণ মানুষের দাবিরই প্রতিফলন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাওন এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সরকারসহ আরও অনেকেই। নেতৃবৃন্দ বলেন, শুধু রামিসা নয়, দেশের কোথাও যেন আর কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার না হয়, সেজন্য প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
সবশেষে একটি প্রতিবাদী মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে রামিসার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।