ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ভবানীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের লিটন হোসেনের ছেলে আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। পরে ওই ভেজাল দুধ ও ননি ওঠানো নিম্নমানের দুধ মিশ্রণ করে চিলিং সেন্টারে সংরক্ষণ করতেন। এরপর সেগুলো ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। সয়াবিন তেল (কোয়ালিটি), কস্টিক সোডা ও চিনি মিশিয়ে এসব ভেজাল দুধ তৈরি করা হতো।
ভাঙ্গুড়ায় গত এক বছরে অন্তত ১০ জন নকল দুধ কারবারিকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় এনএসআইয়ের সহযোগিতায় সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় লিটনের ফ্যাক্টরি থেকে ১০০ লিটার সয়াবিন তেল (কোয়ালিটি) জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং থানার এসআই এরশাদ আলী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।