মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত সোয়া ৯টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় রাতেও পর্যাপ্ত আলোর কারণে অনেকেই ভিডিও ধারণ করতে আসেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী। তিনি জানান, ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তারা দুজনই যুবক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় রেলপথে সতর্কতা ও নিরাপত্তা বিষয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।