মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে চুরি মামলাসহ অন্যান্য ধারার আসামি এবং জিআর পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।
পুলিশ জানায়, চুরি মামলার এজাহারভুক্ত কুখ্যাত দুই আসামি আশরাফুল (২৭) ও আব্দুল খালেক (৫০) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ধারার মামলায় মোঃ আমিনুল ওরফে আমিরুল ইসলাম (২৬) এবং মোঃ নাঈম ইসলাম ওরফে বাদশা (২৬) কে আটক করা হয়।
এদিকে, জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলাউদ্দিন (২৮) ও মোঃ রিপন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। আলাউদ্দিনের বিরুদ্ধে ৫টি এবং রিপনের বিরুদ্ধে একাধিক পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।