সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে যেন কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বাড়তি সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় এই নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সদর দপ্তরের নির্দেশনার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই হিলি সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন বিওপি ও চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি বাড়ানো হয়েছে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকার সার্বক্ষণিক নজরদারিও চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিজিবি সদর দপ্তর থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সীমান্তে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় দায়িত্ব পালন করে যাচ্ছে।