শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে শেরপুর প্লাজা মার্কেটে অবস্থিত দেবদূত ইলেকট্রনিক্সের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা সকল মালামাল ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে।
দেবদূত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার তলাপাত্র আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে বলতে পারেননি। তবে এ ঘটনায় তার গোডাউনে থাকা সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।