মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ| আজ রবিবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে পলিথিনে মোড়া বোম উদ্ধার করা হয়েছে|
স্থানীয়রা জানান, সকালে নদীর ঘাট এলাকায় একটি পলিথিন কাগজের ভেতরে লাল বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়| কাছে গিয়ে সেটি বোমা সদৃশ মনে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়| তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়|
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলিথিনে কাগজের ভিতরে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়| চিরকুটটি পলিথিনের ভিতরে থাকায় তাতে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারিনি পুলিশ|
গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে| বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে|