আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে ছপুরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পশ্চিম বামপাড়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
রোববার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌরবাজার রেলক্রসিং সংলগ্ন হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ছপুরা বেগম রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে যান।
লাকসাম জিআরপি থানার উপ-উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।