মো: হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার মনপুরা উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর প্রদীপ’।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি মানবিক সহায়তার অংশ হিসেবে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘আলোর প্রদীপ’ শুরু থেকেই শিক্ষা ও মানবিক সহায়তাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে—অসহায়দের ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ, স্বাবলম্বী কর্মসূচি বাস্তবায়ন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক বনায়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম।
এবারের উদ্যোগে ৩০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ৬৫০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল সেমাই, নুডুলস, সাবান, ভোজ্যতেল, ডাল, আলু ও পেঁয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
সংগঠনটির সভাপতি মনিরুল ইমতিয়াজ বলেন, “আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজ গড়ে তোলা, যেখানে কেউ অসহায় থাকবে না। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এ জন্য সমাজের সচেতন ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা ও পরামর্শ একান্তভাবে প্রয়োজন।”
সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “সমাজের ধনাঢ্য ও সচেতন মানুষরা যদি এগিয়ে আসেন, তবে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।