ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাজারে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পাড়েরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউড রহমান রুবেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স হাওলাদার ট্রেডার্সের প্রোপাইটার মোঃ রেজাউল কবির দবির (৫২) জ্বালানি তেল বিক্রয়ের কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিলেন এবং ক্রেতাদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করছিলেন। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২ (১) ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের দর্শক আল আমিন সরদার।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউড রহমান রুবেল অভিযুক্ত ব্যবসায়ীকে অতি দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার নির্দেশ ও ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।