রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে ওই ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্ত সংশ্লিষ্ট টিম কাজ করছে। শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ কিংবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে ওয়ার্ডে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হতে পারে। এতে শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজ হলে চিকিৎসাধীন শিশুদের মধ্যে গুরুতর অসুস্থতা দেখা দেয় এবং একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।
ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।