ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নতুন নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ আখ্যা দিয়ে বলেছেন, এটি ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার একটি কৌশল। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে মোবাইল ঘরে রেখে যেতে হবে। এতে সাংবাদিক ও সিটিজেন জার্নালিস্টদেরও কার্যত নিষ্ক্রিয় করা হচ্ছে।
তার মতে, এমন সিদ্ধান্তের কোনো যুক্তি নেই এবং এর ফলে অনিয়ম বা বিপদ ঘটলেও তাৎক্ষণিকভাবে কাউকে জানানো সম্ভব হবে না। এতে ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে এবং অনেকেই ভোট দিতেই কেন্দ্রে যেতে চাইবেন না।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম রোধে কার্যকর নয়। ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ভিডিও ধারণ ও তথ্য প্রচারই ভোটকেন্দ্রে জালিয়াতি ঠেকাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই সুযোগ বন্ধ করতেই ইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন নির্দেশনায় প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও নির্দিষ্ট আনসার সদস্য ছাড়া কাউকে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।