ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় তিনি এ ভাষণ প্রদান করবেন। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাহিদ ইসলাম দেশের জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
এ ভাষণে নির্বাচন, গণতন্ত্র, নাগরিক অধিকার ও দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নাহিদ ইসলামের ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটার ও নগরবাসীর মধ্যে এই ভাষণ ঘিরে বাড়তি প্রত্যাশা দেখা যাচ্ছে। এনসিপি নেতারা মনে করছেন, এই ভাষণের মাধ্যমে জনগণের কাছে দলের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঠিক আগে জাতির উদ্দেশে এই ভাষণকে এনসিপির নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।