রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এ ঘটনাকে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ন্যায়বিচারের দাবিতে পরিচালিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনার পরিপন্থী। ছাত্র-জনতা রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় করেছে, পুলিশের এমন আচরণ সেই পুরোনো দমননীতি ফিরিয়ে আনার শামিল।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে চরম উদাসীনতা দেখাচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার ৫৬ দিন পার হলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া এবং বারবার শুনানি পেছানো প্রশাসনিক গড়িমসির প্রমাণ বলে তারা উল্লেখ করেন।
ছাত্রশিবির নেতারা দাবি জানান, শুক্রবার বিকেলে কোনো উসকানি ছাড়াই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ রাকসু ও ডাকসুর একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।
তারা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা এবং ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।