নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাফা জিয়া বানু, নাটোর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি।
বক্তারা বলেন, নারীর প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামী বিধানেই নিশ্চিত করা সম্ভব। তারা অভিযোগ করেন, কিছু গোষ্ঠী নারী-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে সমাজে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। তবে বর্তমান নারী সমাজ আগের চেয়ে অনেক বেশি সচেতন, যার প্রমাণ আজকের এই বিশাল শোভাযাত্রা।
তারা আরও বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রেখে এসেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সমাজে সর্বাধিক সম্মান ও মর্যাদা পাবে। তাই বক্তারা সব ভেদাভেদ ভুলে মা-বোনদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।