মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে উদ্ধারকারীরা পৌঁছালে তাদের মৃত ঘোষণা করা হয়।
নিহতদের একজন ঢাকার মুগদা এলাকার বাসিন্দা আরিফ (৪৫) এবং অপরজন ফরিদপুর জেলার মামুন (৩৫) বলে শনাক্ত করেছে পুলিশ।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো আইনগত প্রক্রিয়ার জন্য হাসাড়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।