মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে ভোলায় “আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টীম”-এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, ভোলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ), মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টীমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভিজিল্যান্স ও অবজারভেশন টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে সমন্বয় জোরদার, কার্যকর নজরদারি নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত সকলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।