জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী। ঘোষিত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন মোট ২ হাজার ৫০৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৩৮২ ভোট। ফলে ২০টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন ১২২ ভোটে। তবে এখনো ১৮টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিসংখ্যান বিভাগের মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যায়, বাকি কেন্দ্রগুলোর ফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতার পর রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হচ্ছে।
জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, ভোট গণনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে নির্দিষ্টসংখ্যক ভোট হাতে গণনা করে তা ওএমআর মেশিনের ফলের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১৭ হাজার ৮৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি রাখা হয়েছে।