সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সীমান্তে ৩১ ডিসেম্বর রাতে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইস্কাফ সিরাপ) জব্দ এবং তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানে সর্বমোট ৭ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির (বর্ডার আউটপোস্ট) বিশেষ টহল দল এই পৃথক অভিযানে অংশ নেয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ০৬টি (আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (আনুমানিক সিজার মূল্য ৬৮ হাজার টাকা)।
সব মিলিয়ে এবারের অভিযানে মোট ৭ লক্ষ ২৮ হাজার টাকার সমপরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজিরগোমানি সীমান্তে অবৈধভাবে গরু পারাপারের সময় ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন— শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মোঃ মহিদুল ইসলাম (৩০) এবং মোঃ আবেদার আলী (৩৩)। তাদের সবার বাড়ি শ্রীরামপুর গ্রামে।
বিজিবি জানায়, গত রাতে ভারত থেকে গরু আনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চোরাচালান বিরোধী মামলা দিয়ে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার রোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। আগামীতেও মাদকের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং সীমান্ত অপরাধ দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং মাদকদ্রব্যগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।