সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তে অবৈধভাবে গরু পারাপার করার সময় শ্রীরামপুর ইউনিয়নের এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল জলিল। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্বরত আছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ৩১ ডিসেম্বর দিবাগত রাতে জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন নাজিরগোমানী বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করে আব্দুল জলিলকে গরুসহ হাতেনাতে আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে নাজিরগোমানী বিওপি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। গরু পারাপারের সময় আটক ব্যক্তিকে মালামালসহ আটক করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশ নিশ্চিত করেছে যে, বিজিবি কর্তৃক হস্তান্তরের পর আব্দুল জলিলের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, একজন দলীয় নেতার এমন কর্মকাণ্ডে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।