বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
শোক বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী নেত্রী। তাঁর মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাঁর মতো দৃঢ় ও অভিজ্ঞ নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে তিনি উল্লেখ করেন।
জিয়াউল কবির দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে জাতি এগিয়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে দেশবাসীকে ধৈর্য ও সংযম ধারণের আহ্বান জানান তিনি।