ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি–কে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালকের ফের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একই সঙ্গে মামলার অপর আসামি রেন্টকার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ–এর আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৫ ডিসেম্বর প্রথম দফায় আসামিদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। নতুন করে রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।
এর আগে রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদ্ঘাটন, অর্থদাতা, পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং উজ্জ্বলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে সন্ত্রাসীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।