খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত পরিবারের সব অনুরোধই সরকার পূরণ করে আসছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে প্রেস সচিব লেখেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন—অন্তর্বর্তী সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাসহ তার পরিবারের সব অনুরোধ “সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রেখেছে।”
তিনি আরও জানান, সরকার দেশবাসীর উদ্দেশে বেগম জিয়ার সুস্থতার জন্য নিয়মিত প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
দলের শীর্ষ নেতাদের বরাতে জানা গেছে, তিনি গত ১৩ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার ওপর।