মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড়ে আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মোনাজাত করেন।
দোয়া মাহফিল শেষে কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য দেন। টঙ্গীবাড়ী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মাতা। তাঁর সুস্থতা আমাদের সবার আকাঙ্ক্ষা। আমরা আশা করি, তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও নেতৃত্বে দৃঢ় ভূমিকা রাখবেন।”
দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন বেপারী বলেন, “খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা অটুট। আজকের দোয়া মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তারই প্রমাণ। তিনি সুস্থ হলেই গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।”
টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিখন খান বলেন, “যুবদল গণতন্ত্রের সংগ্রামে অগ্রভাগে থাকবে। দেশনেত্রীর সুস্থতা ও মুক্তি আমাদের প্রথম প্রার্থনা।”
বিএনপি নেতা মিজান বকাউল বলেন, “খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”
এ ছাড়াও বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষ হাকিম দেওয়ান, টঙ্গীবাড়ি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের সদস্য সচিব জব্বর কাজী, টঙ্গীবাড়ি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী এবং টঙ্গীবাড়ী থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আজিজ হালদার।
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।