পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ও স্থানীয় যুবক ফাহাদ (২৫) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পাড়েরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার বিকেলে পাড়েরহাট মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জালাল হোসেন, পাড়েরহাট জামে মসজিদের ইমাম আল আমিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বহু স্থানীয় মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। কলেজপড়ুয়া যুবকদের ওপর নির্মম হামলা ঘটিয়েছে মাদক ব্যবসায়ীরা। মাদকবিরোধী প্রতিবাদ করায় তাদের টার্গেট করা হয়েছে। বক্তারা প্রশাসনের প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, মাদক সমাজ ও দেশ দুটোকেই ধ্বংস করছে, তাই প্রশাসনের কঠোর ভূমিকার বিকল্প নেই।
আহত ফাহাদ অভিযোগ করেন, তাদের বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে এবং মহিলাদের গোসলের সময় মাদক ব্যবসায়ীরা উত্ত্যক্ত করে। সোমবার তিনি ও মাসুদ প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন বলে জানান ফাহাদ। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।