বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনর্নির্বাচিত আমির ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ডা. শফিকুর রহমান তার দ্বীনি জজবা, ধৈর্য ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব শুধু জামায়াতে ইসলামীর জন্য নয়, সমগ্র দেশের জন্য কল্যাণের বাহণ হবে বলে আমি বিশ্বাস করি।”
চরমোনাই পীর বলেন, “বয়সের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে ডা. শফিকুর রহমান যে উদ্যমী নেতৃত্ব ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার মধ্যে আগামীর বাংলাদেশের জন্য এক শুভ বার্তা রয়েছে। তিনি যে ধৈর্য, দৃষ্টি ও প্রজ্ঞা দিয়ে দল পরিচালনা করছেন, তা ইসলামভিত্তিক রাজনীতির ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের সময় ইসলামী নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধি দেশের জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। আমি আশা করি, জামায়াতে ইসলামী নেতৃত্ব ইসলামি মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে আরও ইতিবাচক ভূমিকা পালন করবে।”
চরমোনাই পীর তাঁর বিবৃতিতে পুনর্নির্বাচিত আমিরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, “আল্লাহ তায়ালা তাঁকে তাওফিক দিন যেন তিনি সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অটল থাকতে পারেন। তাঁর নেতৃত্বে ইসলামী আন্দোলনগুলো একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এর আগে শনিবার রাতে জামায়াতে ইসলামীর নির্বাচনে ডা. শফিকুর রহমান সর্বোচ্চ ভোটে পুনর্নির্বাচিত আমির হিসেবে ঘোষণা পান। তিনি ২০২৬–২০২৮ কার্যকালের জন্য দলটির নেতৃত্ব দেবেন।