রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, এসব মিছিল টাকার বিনিময়ে করানো হচ্ছিল।
শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
তিনি বলেন,
“রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।” এর মধ্যে শেরেবাংলা নগর থানায় ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর হাতে ১৩ জন, খিলক্ষেত থানায় ৪ জন, উত্তরা থানায় ২ জন, বাড্ডা থানায় ৩ জন, বনানী থানায় ৩ জন এবং তেজগাঁও থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩৭ মিনিটে ৩০০ ফিট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে ব্যানারসহ গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে আটক করা হয়।
বাড্ডা থানার প্রগতি সরণি এলাকায় সকাল ৭টায় ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও খালেদ বিন কাওসারকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসির একটি দল সকালেই বিজয়নগরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যদের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে।
শেরেবাংলা নগর থানার পুলিশ সকাল ৬টা ৪০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিছিল করার সময় ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগের ৯০ থেকে ১০০ জনের মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করে।
বনানী থানা সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটে বনানী ঢাকা গেটের সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া জিয়াদ মাহমুদ, মো. জিয়াদ ও মো. আসলামকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার পুলিশ সকাল সাড়ে ১০টায় বিজয় সরণিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে রিফাত ইসলাম, মিল্লাত বাবু ও স্বপন মিয়াকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৪৬ জনসহ মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।