মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর-সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা পাঁচ জেলে সাঁতরে তীরে উঠলেও শরিফ (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শরিফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত হোসেনের ছেলে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ৯টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ জেলেকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই বাল্কহেড চালক পালিয়ে যায়।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, দুর্ঘটনার সময় নদীতে অসংখ্য বাল্কহেড চলাচল করছিল। অনেক সকালে হওয়ায় দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি আটক করা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।নিখোঁজ জেলের খোঁজে নদী ও আশপাশের এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে।