ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার পর পরিস্থিতিকে অস্বচ্ছ ও অসুবিধাজনক বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবিদুল ইসলাম অভিযোগ করেন, “ডাকসু নির্বাচনে অংশগ্রহণের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে। গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক-স্বাধীনতাকে হরণের অপচেষ্টা চলছে।” তিনি জানান, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে শিক্ষার্থীদের পূরণকৃত ব্যালট দেওয়া হয়েছে। ঘটনাগুলোর সত্যতা সম্পর্কেও তিনি নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন।
তার অভিযোগ, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
এ ছাড়া নিজের বিরুদ্ধে প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আবিদুল ইসলাম। তিনি বলেন, “ডাকসুর নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলেও গণমাধ্যমে আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে।”
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো কিছু প্রকাশের আগে যাচাই-বাছাই করতে হবে। ভুল তথ্য প্রচার করলে গণতান্ত্রিক প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়।”