রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ভেতরেও শিবির অনুপ্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তিনি দাবি করেন, বাংলাদেশে যত জনসংখ্যা আছে, শিবিরের বট আইডি তার চেয়েও বেশি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাবির পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমান এসব কথা বলেন। তিনি বলেন, “কোনো এলাকায় শিবিরের ১০ জন কর্মী থাকলেও তাদের সভাপতি ফেসবুকে পোস্ট দিলে ১০ হাজার কমেন্ট পড়ে। প্রশ্ন হলো, এরা কোথা থেকে আসে?
জান্নাত থেকে নাকি জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসে? যারা আছেন তাদের প্রকাশ্যে আনুন, অন্তরালে থেকে ভুয়া প্রচারণা চালাবেন না। এ রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা আর মেনে নেবে না।”
সংবাদ সম্মেলনে রাবির ছাত্রীদের কমিটি না দেওয়ার প্রসঙ্গেও তিনি কথা বলেন। আমান জানান, “রাবি একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয় যেখানে বহুস্তরে সাংগঠনিক কার্যক্রম চলে। এখানে হল প্রভোস্টরা ছাত্রীদের ডেকে এনে ইসলামী ছাত্রী সংস্থা গঠনের জন্য চাপ দেন। ফলে যারা ছাত্রদলে আসতে চায়, তারা ভয়ে আসতে পারছে না।”
এদিকে সম্প্রতি রাবির শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন এক কুরুচিপূর্ণ মন্তব্য করায় তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। শাখা ছাত্রদল জানিয়েছে, আনিসুর রহমান ইচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করেছেন। বহিষ্কারের পর তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করা হয়।