সোহেল রানা, সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইরে ভেজাল টিএসপি সারসহ দুই জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— মুন্নু এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান ও হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী জানান, উপকৃষি কর্মকর্তার সন্দেহের ভিত্তিতে হেমায়েতপুর থেকে সার আনতে থাকা এক অটোচালককে আটক করা হয়। পরবর্তীতে যাচাই করে দেখা যায় সারটি ভেজাল। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মুন্নু এন্টারপ্রাইজের দোকানে অভিযান চালিয়ে আরও ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে হেমায়েতপুর থেকে ওই দোকানের মাধ্যমে রায়দক্ষিণ বাজারে ভেজাল সার বিক্রি হচ্ছিল বলেও জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ভেজাল সার সংরক্ষণ ও বিপনন আইনত দণ্ডনীয় অপরাধ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।