ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিনি রাজধানীতে আমিরের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
হৃদরোগের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠা শফিকুর রহমানের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তারা।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াত আমিরের আজীবন রাজনৈতিক, শিক্ষা ও সমাজকল্যাণমূলক অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সফরকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ প্রায় ১৩ বছর পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। সফরকালে তিনি সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও সাক্ষাৎ করছেন।
জামায়াতের নেতারা জানিয়েছেন, পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এ সফর দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। বিশেষ করে শিক্ষা ও সামাজিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।