প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় ইসহাক দার প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। ড. ইউনূসও আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করে সার্কভিত্তিক সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দুই দেশের অর্থনীতি পরস্পর-পরিপূরক, বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।” তিনি ড. ইউনূসের দারিদ্র্য বিমোচন ও জনগণকে ক্ষমতায়নের ভূমিকার প্রশংসা করে বলেন, “বাংলাদেশ ভাগ্যবান, কারণ তারা এমন একজন সরকারপ্রধান পেয়েছে যিনি বিশ্বকে অনুপ্রাণিত করছেন।”
ড. ইউনূস বলেন, বাংলাদেশের জন্য পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তিনি বাণিজ্য ও মানুষে-মানুষে সম্পর্ক জোরদারের ওপর জোর দেন এবং ঘন ঘন সাংস্কৃতিক বিনিময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি উদাহরণ টেনে বলেন, পাকিস্তানি শিল্পীরা যখন বাংলাদেশে গান পরিবেশন করেন, তখন তা সবার প্রশংসা কুড়ায়—এ ধরনের উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে পারে।
১৩ বছর পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। সফরকালে তিনি বিদ্যুৎ ও বাণিজ্য উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করেছেন।
তিনি জানান, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী অক্টোবরের মধ্যে “ফ্লাই জিন্নাহ” বাংলাদেশ-পাকিস্তান রুটে সরাসরি ফ্লাইট চালু করবে এবং পিআইএও বেসরকারিকরণ শেষে ঢাকা রুট পুনরায় চালুর পরিকল্পনা করছে।