শেকৃবি প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জাতীয়তাবাদী কর্মচারী সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার মসজিদে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “আজ আমরা এমন একজন নেত্রীর জন্য দোয়া করছি যিনি সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
তিনি জনগণের কথা ভাবেন, গণতন্ত্রের কথা ভাবেন, দেশের কথা ভাবেন—তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বর্তমানে দ্বিধায় রয়েছে—কিভাবে তারা ভোটাধিকার, গণতন্ত্রের অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাবে। এটি কেবল সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। যেখানে প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন।”
দোয়া মাহফিল শেষে জাতীয়তাবাদী কর্মচারী সমিতির পক্ষ থেকে স্টাফ কোয়ার্টার মসজিদের উন্নয়নে অনুদান প্রদান করা হয়।