সফিকুল ইসলাম পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংকের ঢাকনার (শাটার) বাঁশের কাঠামো খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন হাটিগাড়া মহল্লার আবুল কালামের ছেলে সাজিবুল ইসলাম (২৫) এবং আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সকালে চার শ্রমিক ট্যাংকের ছাদে ব্যবহৃত বাঁশের শাটার খুলতে নেমে একে একে সবাই অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত রাবিউল ইসলাম ও সম্রাট শেখকে পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বেড়া মডেল থানার ওসি ওয়ালিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের ঘাটতি বা বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।