আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আগামী ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক উৎসব ‘তারুণ্য মঞ্চ’। এ উপলক্ষ্যে গত ১০ জুলাই রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।
অভিলাষী ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ উৎসবটির আয়োজন করছে। আয়োজক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসিন আরাফাত অভি এবং ডেপুটি সিইও সিকদার মেহজাবিন। এছাড়া, কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন তাহসান।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘তারুণ্য মঞ্চ’ তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রকাশের একটি মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে গান, কবিতা, নৃত্য, নাটকসহ বিভিন্ন শিল্পমাধ্যমে তরুণরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। তারা মনে করেন, দেশে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছে, কিন্তু সঠিক প্ল্যাটফর্মের অভাবে তারা নিজেদের সামর্থ্য তুলে ধরতে পারে না। এই আয়োজন সেই শূন্যতা পূরণের একটি প্রচেষ্টা, যা তরুণদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করবে এবং সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করবে। অভিলাষী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তরুণদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। এই উৎসব সেই ধারাবাহিকতারই একটি বিশেষ অংশ।
আয়োজিতব্য উৎসবের অন্যতম সমন্বয়কারী মো. আবরার ফয়সাল তাহসান বলেন,
“তরুণ্য মানেই সম্ভাবনা। আমরা তরুণরা শুধু আগামী দিনের আশা নই—আমরাই আজকের বাস্তব শক্তি। ‘তারুণ্য মঞ্চ’ সেই জায়গা, যেখানে স্বপ্নরা জেগে ওঠে আর সাহসীরা পথ দেখায়। ভয়কে না বলে নিজেকে ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিবর্তনের গল্প তৈরির উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”
এই আয়োজনের অন্যতম সহযোগী হিসেবে মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকাল। আয়োজনের প্রতিটি ধাপ, নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে মূল অনুষ্ঠান পর্যন্ত সংবাদ কাভারেজের মাধ্যমে দৈনিক সকাল তরুণদের এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মকে জাতীয় পরিসরে তুলে ধরবে।
আয়োজকদের মতে, একটি শক্তিশালী মিডিয়া পার্টনারশিপ শুধু অনুষ্ঠান প্রচার নয়, বরং তরুণ প্রজন্মের সৃজনশীল কণ্ঠস্বরকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার জন্য অপরিহার্য। দৈনিক সকাল-এর সম্পৃক্ততা এই উৎসবকে জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব এনে দেবে বলে আশা করা হচ্ছে।