আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে সংগঠিত ও শক্তিশালী উপস্থিতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি বলেন, “সব দল দেখা শেষ, দেশের মানুষ এবার জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।”⟶
শনিবার (২৬ জুলাই) বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।⟶
সম্মেলনে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।”
তিনি আরও বলেন, “ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই এই দেশে সত্যিকারের পরিবর্তন সম্ভব। দুর্নীতি, চাঁদাবাজির কোনো ঠাঁই আর বাংলাদেশে থাকবে না।”⟶
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জাহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। এতে আরও বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক আ. জব্বার, মহানগর নায়েবে আমীর প্রফেসর মাহামুদ হোসেন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।⟶
জামায়াত নেতাদের এই বক্তব্যে দলটির রাজনৈতিক মাঠে সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাচনমুখী প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট। অনেকে মনে করছেন, মাঠপর্যায়ে সংগঠিত হওয়ার এই কৌশল জামায়াতকে আগামী নির্বাচনে উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান করতে পারে।