আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কোটি টাকা দিয়েও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর কখনো আওয়ামী লীগের মতো কলঙ্কিত বিচার হবে না, কারণ এই প্রসিকিউশন টিম দুর্নীতিগ্রস্ত নয়।”
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের’ স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, “শহীদরা ক্ষতিপূরণ নয়, বৈষম্যবিরোধী একটি স্বাধীন ও ন্যায্য বাংলাদেশ গড়তে প্রাণ দিয়েছেন। তারা আতঙ্কের বাংলাদেশ থেকে জাতিকে মুক্ত করেছেন, যাদের কোনও ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ ছিল না।”
শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা কখনো সাহায্যের জন্য কারও কাছে হাত পাতবেন না, আপোষ করবেন না। জাতি হিসেবে এটা আমাদের দায়িত্ব, আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।”
তিনি জানান, গণহত্যার বিচার একটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর প্রক্রিয়া। এরপরও ট্রাইব্যুনালের পক্ষ থেকে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আগামী ২৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী প্রদান করা হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।
প্রসিকিউশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহীদদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি হবে না। তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব—এটাই আমাদের প্রতিশ্রুতি।”