মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তিনজন ইন্সপেক্টরকে (পরিদর্শক) বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের বদলি করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
বদলি হওয়া থানাগুলো হলো বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানা।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
হঠাৎ একসঙ্গে জেলা পুলিশের এত বড় রদবদল নিয়ে এখন সব মহলে চলছে আলোচনা-সমালোচনা। একাধিক ওসির বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ ছিল। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা ভালো দায়িত্ব পালনের ফলস্বরূপ পদায়িত হন বলে আলোচনা আছে।
জানা গেছে, বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলমকে সরাইল থানায় এবং নাসিরনগরের ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।
এছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জ থানার ওসি মো. মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টে পরিদর্শক হিসেবে এবং নবীনগরের ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।