সোহেল রানা,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এক গরু ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে মারধর করে নগদ ২ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বাবু মোল্লা নামের ওই ব্যবসায়ী ও তার স্ত্রী গুরুতর আহত হন।
ভুক্তভোগীর চাচা মোঃ রোকন দেওয়ান সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন একই গ্রামের আতর আলী (৪৫), আবির (২২), দীন ইসলাম (৩০), ও নুর ইসলাম (২৫)।
বাবু মোল্লা জানান, গরু কেনার উদ্দেশ্যে সিরাজপুর হাটে যাচ্ছিলেন তিনি। পথে চর বার্তা গ্রামের নির্জন একটি রাস্তায় পৌঁছালে, পেয়ারা বাগানে লুকিয়ে থাকা চার দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে তার লুঙ্গির কোচরে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে তার স্ত্রী ছুটে এলে তাকেও মারধর করে এবং তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাবু মোল্লা বাড়ি ফিরলেও তার স্ত্রী এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।