সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আহমাদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দলীয় ঐক্য, সংগঠন শক্তিশালী করা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল হওয়ার কথা তুলে ধরেন তারা।
নেতৃবৃন্দ আরও জানান, মানবিক সহায়তা, দোয়া-অনুষ্ঠান ও সামাজিক দায়িত্ব পালনকে নিয়মিত উদ্যোগ হিসেবে ধরে রেখে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য দেশের প্রতিটি অঞ্চলে এমন দোয়া মাহফিল ছড়িয়ে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন বক্তারা।
দোয়া মাহফিল পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ।
পরে মাদ্রাসার শিক্ষার্থী, হতদরিদ্র, দুস্থ মানুষ ও স্থানীয় উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।