বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দল নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ৩১ মে ঢাকায় আসছেন। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার (২৬ মে) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, প্রায় ৩০০ ব্যবসায়ী ও বিনিয়োগকারীর বিশাল এই দল তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করবে। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো বিদেশি ব্যবসায়িক প্রতিনিধি দল এর আগে কখনও আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
বিডার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, চীনা প্রতিনিধিদলের সদস্যরা মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও কৃষি খাতের ব্যবসায়ী-বিনিয়োগকারী।
এই সফরকে ঘিরে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সরকারের বিভিন্ন সংস্থা এবং বেসরকারি খাতও প্রস্তুতি নিচ্ছে। আসন্ন সফর নিয়ে ব্যবসায়ী মহলে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।