ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ মিশন যাত্রার মাত্র এক মিনিটের মাথায় ভেঙে পড়েছে। রোববার (১৮ মে) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর এই ঘটনা ঘটে।
ইওএস-০৯ নামের স্যাটেলাইটটি বহন করছিল পিএসএলভি-সি৬১ রকেট, যা স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ইসরোর মুখ্য পরিচালক ভি নারায়ণান লাইভ সম্প্রচারে জানান, প্রাথমিক দুটি ধাপে সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে প্রবেশ করার পর রকেটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে তাৎক্ষণিকভাবে অভিযান বাতিল করে মহাকাশেই রকেটটিকে ধ্বংস করে দেওয়া হয়।
ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় ধাপ পর্যন্ত রকেট সঠিক গতিতে অগ্রসর হচ্ছিল, কিন্তু তৃতীয় ধাপে ‘নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে’ অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কি ধরনের ত্রুটি হয়েছিল, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পরে তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছে এনডিটিভি। প্রায় ১ হাজার ৬৯৬ কেজি ওজনের ইওএস-০৯ স্যাটেলাইটটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান-সিঙ্ক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার পরিকল্পনা ছিল, যা সফল হয়নি।
রকেট ধ্বংসের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে পড়ে যেতে পারে বলে জানায় ইসরো। তবে এ থেকে যেন কোনো ধরনের ঝুঁকি বা ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি।
এই ব্যর্থতাকে ইসরো একটি বড় ধাক্কা হিসেবে দেখলেও তারা জানিয়েছে, দ্রুত ত্রুটি শনাক্ত করে ভবিষ্যৎ মিশন আরও নির্ভরযোগ্যভাবে পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিগত এক দশকে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করলেও এই মিশনের ব্যর্থতা ইসরোর জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বলে মনে করছেন মহাকাশ বিশ্লেষকরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?