আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি তার নাম ঘোষণা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্বাচনি কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, সিলেট নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি নগরীকে ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. নূরুল ইসলাম বাবুলকে প্রার্থী করা হয়েছে।
তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সীমাবদ্ধ নয়; নাগরিক সেবা, নিরাপত্তা ও জনগণের কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এজন্য জনপ্রতিনিধি নির্বাচনে সততা, মেধা, যোগ্যতা ও জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ড. নূরুল ইসলাম বাবুলের পক্ষে সিসিকের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন এ টি এম আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।