জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় তাকে পর্যবেক্ষণে রাখা হয় এবং মাথায় আঘাত লেগেছে কিনা তা নিশ্চিত হতে এমআরআই করা হয় বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সায়ের লিখেছেন, “মাথায় আঘাত লেগেছে কিনা তা নিশ্চিত হতে গতকাল বোতল নিক্ষেপ ঘটনার পর উপদেষ্টা মাহফুজের এমআরআই করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।”
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের এক পর্যায়ে উপদেষ্টা মাহফুজ আলম ঘটনাস্থলে গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় তার দিকে বোতল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
সায়েরের পোস্টে আরও ইঙ্গিত পাওয়া যায়, প্রশাসনের পক্ষ থেকে মাহফুজ আলমের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।