বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

স্মরণীয় জয়ে আইসিসি থেকে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। সিলেট টেস্টে হারলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। তার প্রতিফলন হিসেবে আইসিসি থেকেও সুখবর পেয়েছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে […]

স্মরণীয় জয়ে আইসিসি থেকে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

নিউজ ডেস্ক

০১ মে ২০২৫, ১৬:৫৯

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। সিলেট টেস্টে হারলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। তার প্রতিফলন হিসেবে আইসিসি থেকেও সুখবর পেয়েছেন তিনি।


বুধবার (৩০ এপ্রিল) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে ১৫ উইকেট শিকার করে চার ধাপ এগিয়েছেন মিরাজ। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন তিনি।


প্রথম ম্যাচে হারলেও প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট শিকার করেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে শতকের পাশাপাশি ৫ উইকেটও শিকার করেছেন ২৭ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের দরুণ পান সিরিজসেরার পুরস্কারও।

সিলেট টেস্টে তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে আছেন নাহিদ রানা। এক উইকেট নেওয়া খালেদ আহমেদ দুই ধাপ এগিয়ে এখন ৮৫ নম্বরে। টেস্ট বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।

এদিকে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে মুমিনুল হকের। ৫৩তম থেকে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বড় লাফ দিয়েছেন জাকের আলী, ১০ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৫০তম স্থানে উঠে এসেছেন তিনি। ৪ ধাপ এগিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের লর্কান টাকার সঙ্গে যৌথভাবে আছেন ৫২ নম্বরে। ১৪ ও ৩৩ রান করে মাহমুদুল হাসান জয় পাঁচ ধাপ এগিয়ে এখন ৯৫ নম্বরে।

তবে অবনতিও হয়েছে টাইগার ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সিরিজে না থাকায় ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ লিটনের এবং ৮ ধাপ মুশফিকুর রহিম।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।