পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিক বি-২০২৬ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে দেশের নিরাপত্তা, সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তি শেষে নবীন নাবিকরা সুসজ্জিত মার্চপাস্টে অংশ নেন। এ সময় নৌপ্রধান তাদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌপ্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি দক্ষ ও সুযোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও এ ঘাঁটি কাজ করছে।
নবীন নাবিকদের উদ্দেশে তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।