পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যে নিজেই নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে, সে কী স্বাধীন করবে। ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়নও এগিয়ে যাবে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতি নেই।
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চুক্তির বিষয়ে যথাসময়েই দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন।
দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অরাজকতা নেই। আগে পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে যে সমস্যা ছিল, সেটির সমাধান হয়েছে।
পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান দুঃখ প্রকাশ করবে—এটাই বাংলাদেশের প্রত্যাশা। তবে সামনের দিকে এগিয়ে যেতে হলে সব দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে চলতে হবে।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতের বিষয়ে তিনি জানান, দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।